কাফফারা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাফফারা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৪ মার্চ, ২০১২

Aisha: বিবি আয়েশার ঈর্ষা এবং মনোভাবে সতর্কবাণী।


মুহম্মদ আছরের পর নিয়মিত সকল বিবিদের কাছে কুশল জিজ্ঞাসার জন্যে গমন করতেন। নিয়মিত এই সাক্ষাতে তিনি নববিবাহিত বিবি জয়নবের গৃহে একটু বেশীসময় অতিবাহিত করতে লাগলেন। বাল্যকাল থেকেই জয়নব মুহম্মদকে বিশেষভাবে পছন্দ করতেন এবং জানতেন তিনি মধু খেতে বিশেষ পছন্দ করেন। তাই তিনি বিবাহের পূর্বপর্যন্ত সবসময়ই তার জন্যে মধু সরবরাহ করে এসেছেন। এখন বিবাহের পর যখনই মুহম্মদ তার হুজরাতে (মুহম্মদের প্রত্যেক বিবির জন্যে একটি করে হুজরা নির্মিত হয়েছিল। কক্ষ ছাড়াও এতে কিছু বারান্দা ও ছাদ থাকত। মসজিদে নব্বীর সংলগ্ন এসব হুজরা খর্জুর শাখা দ্বারা নির্মিত হয়েছিল এবং এর দ্বারে একটা মোটা কাল পশমী পর্দা ঝুলান থাকত। হুজরার দরজা থেকে ছাদ বিশিষ্ট কক্ষ পর্যন্ত ছয়-সাত হাতের ব্যবধান ছিল। কক্ষ দশ হাত এবং ছাদের উচ্চতা সাত- আট হাত ছিল। মুহম্মদের তিরোধানের পর ওলীদ ইবনে আব্দুল মালেকের রাজত্বকালে তারই নির্দেশে এসব হুজরা মসজিদে নব্বীর অন্তর্ভূক্ত করে দেয়া হয়েছিল।) আগমন করতেন, তখন তিনি নিজ হাতে তাকে মধু পান করাতেন। এ কারণেই একটু বেশী সময় মুহম্মদ তার হুজরাতে অবস্থান করতেন। এ দেখে বিবি আয়েশার- যিনি ছিলেন তার বিবিদের মধ্যে একমাত্র কুমারী, মনে ঈর্ষা মাথাচাঁড়া দিয়ে উঠল। তিনি অপর এক বিবি হাফসার সাথে এ বিষয়ে পরামর্শ করে স্থির করলেন যে, তিনি জয়নবের হুজরা হতে ফিরে তাদের দু‘জনের মধ্যে যার কাছে আগে আসবেন, তিনিই তাকে বলবেন, ‘মাগফীরের গন্ধ পাচ্ছি! আপনি কি মাগফীর পান করেছেন?’ -মাগফীর এক বিশেষ দুর্গন্ধযুক্ত আঠা।     

জয়নবের হুজরা হতে বেরিয়ে মুহম্মদ আয়েশার হুজরাতে এলেন, তখন তাকে তিনি সেভাবেই কথা বললেন। মুহম্মদ বললেন, ‘না, আমি তো মধু পান করেছি!’
আয়েশা (Aisha) বললেন, ‘সম্ভবতঃ মৌমাছি কোন মাগফীর বৃক্ষে বসে তার রস চুষেছিল। এ কারণেই মধু দুর্গন্ধযুক্ত হয়েছে।’

মুহম্মদ সবসময় দুর্গন্ধযুক্ত বস্তু সযত্নে এড়িয়ে চলতেন। কেননা জিব্রাইল প্রায়ই তার কাছে ওহী নিয়ে আগমন করতেন, আর তিনি দুর্গন্ধের কাছে আসতে পারতেন না। তাই তিনি এখন তার এই বিবিকে খুশী করতে তার কাছে অতঃপর মধু খাবেন না বলে কসম খেলেন। কিন্তু একথা জয়নব শুনলে মনঃক্ষুন্ন হবেন ভেবে সাথে সাথে তিনি আয়েশাকে বিষয়টি গোপন রাখতে বললেন। কিন্তু মেয়েরা পেটে কথা লুকিয়ে রাখতে পারে না। বিবি আয়েশা বিষয়টি বিবি হাফসার গোচরীভূত করে দিলেন।

অতঃপর গোপন এই বিষয়টি যে ফাঁস হয়েছে জিব্রাইল মারফত মুহম্মদ তা জানতে পারলেন। তখন তিনি আয়েশার বিরুদ্ধে তার কাছে অভিযোগ আনলেও কি ভেবে পূর্ণ কথা বললেন না। সবশুনে আয়েশা বললেন, ‘কে আপনাকে একথা বলল?’
তিনি বললেন, ‘যিনি সর্বজ্ঞ, ওয়াকিফহাল, তিনি আমাকে অবহিত করেছেন।’

মুহম্মদ চুপ হয়ে গেলেন। আর এদিকে সেসময় আয়েশাও মনে মনে ভাবছিলেন এই অপরাধে মুহম্মদ যদি তাকে তালাক দেন তবে অতঃপর তিনি তার মত স্ত্রী সম্ভবতঃ আর পাবেন না।  

মুহম্মদ আয়েশাকে তালাক দেবার কথাই ভেবেছিলেন। কিন্তু জিব্রাইল এসে তাকে এ কাজে বিরত রাখেন এই বলে-‘তার পূণ্য অনেক, আর তার নাম জান্নাতে তোমার বিবিগণের তালিকায় লিখিত আছে।’

আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতসমূহ নাযিল হল, যাতে পূর্ণ ঘটনা এবং বিবি আয়েশার মনোভাবের জবাব দেয়া হয়েছে।- হে নবী, আল্লাহ তোমার জন্যে যা হালাল করেছেন, তুমি তোমার স্ত্রীদের খুশী করতে তা নিজের জন্যে হারাম করছ কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। আল্লাহ তোমাদের জন্যে কসম থেকে অব্যহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের মালিক। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। 

যখন নবী তার স্ত্রীর কাছে একটি কথা গোপনে বলল, অতঃপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ে স্ত্রীকে কিছু বলল এবং কিছু বলল না। নবী যখন তা স্ত্রীকে বলল, তখন স্ত্রী বলল, ‘কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল?’
নবী বলল, ‘যিনি সর্বজ্ঞ, ওয়াকিফহাল, তিনি আমাকে অবহিত করেছেন।’

তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুকে পড়েছে বলে যদি তোমরা উভয়ে (আয়েশা ও হাফসা) তওবা কর, তবে ভাল কথা। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য কর, তবে জেনে রেখ আল্লাহ, জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনরা তার সহায়। উপরন্তু ফেরেস্তারাও তার সাহায্যকারী। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে, তবে সম্ভবতঃ তার পালনকর্তা তাকে পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ঈমানদার, নামাযী, তওবাকারিণী, এবাদত কারিণী, রোজাদার, অকুমারী ও কুমারী।(৬৬:১-৫)

আয়াতসমূহ অবতীর্ণ হওয়ার পর মুহম্মদ কসম ভঙ্গ করেন এবং কাফফারা আদায় করেন। কাফফারা হিসেবে তিনি একটি ক্রীতদাস মুক্ত করে দেন। 

সমাপ্ত।

১ মার্চ, ২০১২

Khawlah: যার কথা আল্লাহ সপ্ত আকাশ থেকে শুনেছিলেন।


আওস ইবনে সামেত নামক জনৈক মুসলমান একবার তার স্ত্রী খাওলা (Khawlah)কে রাগবশতঃ বলে ফেললেন, ‘তুমি আমার পক্ষে আমার মাতার পৃষ্ঠদেশের ন্যায়।’
আরবে এই বাক্যটি স্ত্রীকে চিরতরে হারাম করার জন্যে বলা হত, যা ছিল চুড়ান্ত তালাক অপেক্ষাও কঠোরতর। 

এই ঘটনার পর খাওলা এর শরীয়ত সম্মত বিধান জানতে মুহম্মদের কাছে এলেন। তখন পর্যন্ত এ বিষয় সম্পর্কে কোন ওহী নাযিল হয়নি। তাই সব শুনে রসূলুল্লাহ পূর্ব থেকে প্রচলিত রীতি অনুযায়ী তাকে বললেন, ‘আমার মনে হচ্ছে তুমি তোমার স্বামীর জন্যে হারাম হয়ে গেছ।’
একথা শুনে খাওলা বললেন, ‘আমার স্বামী তো তালাক উচ্চারণ করেনি। এমতাবস্থায় তালাক কিরূপে হয়ে গেল?’

পূর্বকালে আরব ও অনারব জাতিসমূহের মধ্যে দুর্বল শ্রেণী, এতিম বালক বালিকা ও অবলা নারী চিরকালই জুলুম ও নির্যাতনের শিকার ছিল। তাদের কোন অধিকারই স্বীকার করা হত না, আর স্বীকার করা হলেও পুরুষদের কাছ থেকে তা আদায় করে নেবার সাধ্য কারও ছিল না। আরবদের নিয়ম ছিল, যারা অশ্বারোহণ করে এবং শত্রুদের মোকাবেলা করে বা তাদের অর্থ সম্পদ লুট করার যোগ্যতা রাখে, তারাই শুধূমাত্র উত্তরাধিকারের যোগ্য হতে পারে। সুতরাং নারী ও বালক-বালিকা যেহেতু দুর্বল শ্রেণী, সেহেতু তারা ঐ নিয়মের আওতায় পড়ত না। 

এ কারণে স্বামী মারা গেলে বা তালাকপ্রাপ্ত হলে স্ত্রী ও নাবালক-নাবালিকা সন্তানদের অবস্থা হত চরম শোচনীয়। তাই খাওলা বিলাপ শুরু করে দিলেন এবং বলতে লাগলেন, ‘আমি আমার যৌবন তার কাছে নিঃশেষ করেছি। এখন বার্ধক্যে সে আমার সাথে এই ব্যাবহার করল। আমি এখন কোথায় যাব? আমার ও আমার বাচ্চাদের ভরণ-পোষণ কিরূপে হবে?’

মুহম্মদ বললেন, ‘খাওলা, এ বিষয় সম্পর্কে আমার প্রতি কোন বিধান এখনও অবতীর্ণ হয়নি।’
খাওলা তখন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ‘হে আল্লাহ, ন্যায় বিচারক! আমি তোমার দরবারে এই অভিযোগ দায়ের করলাম।’

আল্লাহ তার ফরিয়াদ শুনে তার সমস্যার সমাধান করে দিলেন এই আয়াত নাযিল করে- যে নারী তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করেছে এবং অভিযোগ পেশ করেছে আল্লাহর দরবারে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ তোমাদের উভয়ের কথাবার্তা শুনেন। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদেরকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীরা তাদের মাতা নয়। তাদের মাতা কেবল তারাই, যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। 

যারা তাদের স্ত্রীদেরকে মাতা বলে ফেলে, অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাফফারা এই- একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি  দেবে। এটা তোমাদের জন্যে উপদেশ হবে। আল্লাহ খবর রাখেন তোমরা যা কর। 

যার এই সামর্থ্য নেই সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাদিক্রমে দুই মাস রোজা রাখবে। যে এতেও অক্ষম, সে ষাট জন মিসকিনকে আহার করাবে। এটা এজন্যে, যাতে তোমরা আল্লাহ ও তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি। আর অবিশ্বাসীদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।(৫৮:১-৪)

খাওলার খাতিরে কোরআনের আয়াত নাযিল হওয়ার পর সাহাবীদের সকলে তাকে অত্যন্ত সম্মান প্রদর্শণ করতেন। ওমরের খেলাফতের সময় একদিন তিনি যখন একদল লোকের সাথে গমনরত ছিলেন, তখন পথিমধ্যে এই মহিলার সাথে দেখা হলে তিনি দাঁড়িয়ে তার কথাবার্তা শুনলেন। এতে যারা তাকে চিনতেন না, তাদের কেউ কেউ বিরক্তি প্রকাশ করে বললেন, ‘সামান্য এক বৃদ্ধার খাতিরে আপনি এতবড় দলকে পথে আটকিয়ে রাখলেন?’

ওমর বললেন, ‘তোমরা কি জান ইনি কে? ইনি সেই মহিলা যার কথা আল্লাহ সপ্ত আকাশের উপর থেকে শুনেছেন। অতএব আমি কি করে তার কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহর কসম! যদি তিনি স্বেচ্ছায় প্রস্থান না করতেন, তবে আমি রাত্রি পর্যন্ত তার সাথে এখানেই দাঁড়িয়ে থাকতাম।’

সমাপ্ত।

Moses: কোরাণিক ক্যানভাসে নবী মূসা।

Abu Hena Mostafa Kamal  01 May, 2017 মি সরের সিংহাসনে অধিষ্ঠিত ফেরাউন। হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু তিনি কোন উত্তরাধিকারী ন...